চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তাঁর স্বামী মো. আকাশ (২৬)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে। তাঁর স্বামী আকাশ গাইবান্ধা জেলার বাসিন্দা। প্রায় চার মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।
নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই ব্যবসা করার কথা বলে তানজিনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন আকাশ। টাকা এনে দিতে না পারায় তিনি তানজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
স্বজনরা জানান, সোমবার সকালে ঝাউতলা এলাকার মসজিদের পাশে তাঁদের বাসা থেকে তানজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানান আকাশ। পরে তিনি নিজেই মরদেহটি চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যান।
তানজিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, নিহতের স্বামী মরদেহটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন—এমন প্রমাণ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন।