
সন্তান জন্মের পর পরিবারের আনন্দের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে নানা আর্থিক চিন্তাও যুক্ত হয়। তবে অভিভাবকদের সেই চাপ কমাতে বড় ধরনের শিশু সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। নতুন এই ব্যবস্থায় প্রতিটি শিশু ১৭ বছর বয়স পর্যন্ত ধাপে ধাপে মোট প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার বা ৬৩ লাখ টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবে।
গত ২৩ আগস্ট এক ভাষণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন শিশু সহায়তা প্যাকেজের ঘোষণা দেন।
প্যাকেজের আওতায় শিশুদের জন্য সরাসরি ৬২ হাজার সিঙ্গাপুর ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ডলারের বেবি গিফট এবং ৩২ হাজার ডলারের চাইল্ড ক্রেডিট।
এ ছাড়া শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাকাউন্টে প্রথম ধাপে দেওয়া হবে ৫ হাজার ডলার। এর সঙ্গে সরকার আরও ৫ হাজার ডলার কো-ম্যাচিং হিসেবে দেবে। উচ্চশিক্ষার জন্য ওই অ্যাকাউন্টে জমা হবে আরও ১০ হাজার ডলার।
প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, পরিবারগুলোকে সহায়তার ক্ষেত্রে সরকার বড় ধরনের পরিবর্তন আনতে চায়। আগে অভিভাবকরা সন্তানপ্রতি ২৭ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত সহায়তা পেতেন। এখন বিদ্যমান স্বাস্থ্য ও শিক্ষা সুবিধাসহ একটি শিশু গড়ে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত সহায়তা পাবে।
সিঙ্গাপুর সরকারের এই উদ্যোগে দেশটির প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার এবং ৬ লাখ ১০ হাজার শিশু সরাসরি উপকৃত হবে বলে জানানো হয়েছে।