
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ৬৯ বছর বয়সী এক নারী। মৃত্যুর পর তাঁর বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
ভারতের কর্নাটকের মান্ডিয়া অঞ্চলের ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লার বাসিন্দা ছিলেন নূর নামের ওই বৃদ্ধা। তিনি রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন।
বুধবার (১৯ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নূর। তাঁর মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা মিলে শেষকৃত্য সম্পন্ন করেন।
নূর দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে একাই বসবাস করতেন। ভিক্ষা করে পাওয়া মুদ্রাগুলো তিনি ব্যাগে জমিয়ে রাখতেন। মৃত্যুর পর তাঁর বাড়িতে থাকা ব্যাগভর্তি মুদ্রা গণনা করা হয়। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ হিসাব করে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, স্বাভাবিক মৃত্যুর কারণে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।