
লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবুর কাছাকাছি একটি বাণিজ্যিক ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য পরিচালন সংস্থা (ইউকেএমটিও)।
লন্ডনভিত্তিক সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তবে জাহাজটির মালিকপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ট্যাংকারে থাকা সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় পরিবেশের ওপর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ঘটনার পর ওই আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি সমুদ্রে যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।