
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। কর্মসূচি শেষে সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
পদযাত্রায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্পিকারের কাছে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তরের দাবি জানানো হবে।
এ ছাড়া বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ আরও কয়েকটি দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হবে।