
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট দলের দাবি আদায়ের জন্য নয়; দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা রাজপথে নেমেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।
শফিকুর রহমান বলেন, তারা দলীয় কোনো দাবি নিয়ে আন্দোলনে নামেননি। জনগণের রায় নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
পথসভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তাদের আন্দোলন সরকার বা দেশের বিরুদ্ধে নয়। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা পরিবর্তন চান। তার দাবি, বর্তমান সরকার এসব ক্ষেত্রে সফল হতে পারছে না এবং প্রয়োজনীয় সংস্কার করা উচিত।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অধিকার আদায়ের লক্ষ্যেই ১১ দল রাজপথে নেমেছে। তার ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসি মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। লং মার্চের মাধ্যমে সরকারের ব্যর্থতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করার কথা বলেন তিনি।
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, দেশের মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখেই তারা রাজপথে নেমেছেন। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির সমালোচনা করে বলেন, দেশকে ফ্যাসিবাদ ও লুটপাট থেকে মুক্ত করার দাবিতে তাদের আন্দোলন চলছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে বহরটি যাত্রা করে। পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিবাদন জানায়। পরে লং মার্চের বহর গাজীপুরের ভোগরা বাইপাসের পথসভায় অংশ নেয়।