
দেশে আবারও দুর্নীতির ‘মহোৎসব’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, ২০০১ থেকে ২০০৬ সালের সময়ের মতোই দুর্নীতি ও লুটপাটের পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটা দুর্নীতিবাজও পালাতে না পারে।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।’
এনসিপির আগামী দিনের রাজনৈতিক ভূমিকা নিয়েও বক্তব্য দেন দলটির এই নেতা। তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা থাকবে এনসিপির হাতে। বিএনপির হাতে থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের অর্থ ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাঁর ভাষ্য, নির্বাচনে টাকার খেলা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী। এতে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনসহ অন্য নেতারা।