
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে এক দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামানকে মাথায় হেলমেট পরানোর চেষ্টা করা হলে তিনি সেটি খুলে ছুড়ে ফেলেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আরে আমি হেলমেট পরব না, আপনি জানিয়ে দেন! আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না!’
তিনি আরও বলেন, ‘আমার দরকার পড়লে এখানে আমি পুলিশের গুলিতে মৃত্যু বরণ করব, কিন্তু আমি হেলমেট পরব না, পরব না, পরব না!’ পরে হেলমেটের পরিবর্তে হাতকড়া পরানোর কথাও বলেন তিনি। তার এই আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় পৌঁছান। যাত্রীর চাপের কারণে লাগেজ পেতে দেরি এবং একই সময়ে ট্রলি সংকট দেখা দিলে সেখানে অসন্তোষ তৈরি হয়।
এ সময় পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে। এসব অভিযোগে সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরের ঘটনায় আখতারুজ্জামানের পেছনে কোনো পক্ষের ইন্ধন ছিল কি না এবং ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।