
ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে শুধু পদত্যাগ করেই দায়মুক্তি পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেছেন, এর মধ্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ইশরাকের পদত্যাগ এক্সিট কিনা, সেটিই প্রশ্ন। সরকারের স্বচ্ছতা স্পষ্ট নয়। ফৌজদারি অপরাধ হলে পদত্যাগ যথেষ্ট নয়।’
পদত্যাগ নয়, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি
ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে আসিফ মাহমুদ আরও বলেন, আইনের শাসন দেখতে চাই। পদত্যাগ করিয়ে আইওয়াশ দেখতে চাই না। পদত্যাগের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ প্রসঙ্গে রাড্ডার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানেও একজনকে পদত্যাগ করিয়ে পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
ইশরাক হোসেন আসন্ন মেয়র নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই পদত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নও তোলেন এনসিপির মুখপাত্র। তাঁর মতে, এ ধরনের বীরত্ব প্রদর্শনের ঘটনা সন্ত্রাসীদের হাতে অস্ত্র নিয়ে একই ধরনের কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত করতে পারে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে আসিফ মাহমুদ বলেন, মন্দিরের জন্য নির্দিষ্ট জোন করা উচিত। এখন পর্যন্ত খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে উৎসবের বাকি সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।