
শ্রমিকদের ছদ্মবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনে অংশ নিচ্ছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের সংবাদ কার্ড শেয়ার করে দেওয়া ক্যাপশনে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর এবং গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের সময় হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তৌফিকের মৃত্যুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না।