
দেশের জার্সিতে আবারও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তিনি জানিয়েছেন, সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে কাজ করছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তাকে দেশের ক্রিকেটে দেখা যাবে।
বুধবার (৪ মার্চ) দুপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে বোর্ডের। সেখানে একটি এমিউজমেন্ট পার্ক ও তারকা মানের হোটেল নির্মাণের চিন্তাভাবনা চলছে। পাশাপাশি স্টেডিয়ামের গ্যালারিসহ বেশ কিছু অবকাঠামোগত কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। বর্তমানে নিয়মিত ম্যাচ আয়োজন হলেও বড় আন্তর্জাতিক বা উচ্চমানের টুর্নামেন্ট আয়োজনের মতো পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা এখনো গড়ে ওঠেনি বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন প্রধান কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি।