
বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম-কে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তুলতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই ভেন্যুকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মানদণ্ড অনুসরণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি সেই অবস্থান হারিয়েছে। এখন সরকার এটিকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় দেশের খালি জায়গা চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শহর ও গ্রামে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তুলতে কাজ চলছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়ায় আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই, যা দেশের জন্য একটি ব্যতিক্রমী পরিস্থিতি। তাই ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার আওতায় এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির কর্মকর্তারা স্টেডিয়ামটির উন্নয়ন নিয়ে একমত হয়েছেন এবং দ্রুত কাজ শুরু করা হবে।
এদিকে, আগামী জুলাই মাসে এই ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।