
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ, আর এই জয়ের কেন্দ্রে ছিলেন নাহিদ রানা, যিনি ৩২ রান দিয়ে ৫ উইকেট তুলে প্রতিপক্ষ ব্যাটিংকে ধসিয়ে দেন। সিরিজ বাঁচানোর ম্যাচে তার এই বিধ্বংসী বোলিং যেন উড়িয়ে দেয় কিউইদের প্রতিরোধ।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বেশি কিছু চিন্তা করিনি। আগের ম্যাচে এক্সিকিউট হয়নি, ভালো জায়গায় বল করতে পারিনি। আজকে এক্সিকিউট ভালো হয়েছে এবং ভালো জায়গায় বল করতে পেরেছি।’
আগের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা সাজানোর কথাও জানান তিনি। তার ভাষায়, ‘আসলে দলের পরিস্থিতি এরকম ছিল। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করিনি। সেখান থেকে ভুলগুলো নিয়ে চিন্তা করেছি যেন এই ম্যাচে সেগুলো না হয়। যেভাবে চিন্তা করেছি, সেভাবেই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’
নাহিদের এই আগুনঝরা স্পেলে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা আর ম্যাচে ফিরে দাঁড়াতে পারেনি। যেন একের পর এক ঢেউ এসে ভেঙে দিয়েছে তাদের ইনিংসের ভীত।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছেলেরা দারুণভাবে নিজেদের কাজটা করেছে। নাহিদ রানা দারুণ বল করেছে। সাথে শরিফুল এবং তাসকিনও ভালো করেছে। এখানে বল করাটা সহজ নয়। তবে তারা দারুণ করেছে।’
এই জয়ে সিরিজে নতুন করে প্রাণ ফিরে পায় বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে দলটি দেখায়, সঠিক দিনে সঠিক ছন্দে ফিরলে তারাও হতে পারে ঝড়ের মতো অপ্রতিরোধ্য।