
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে পড়েও দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ, তবে ঝড় তোলা পারভেজ ইমনের বিদায়ে আবারও কিছুটা ধাক্কা খায় দল। সোমবার (২৭ এপ্রিল) ১৫ ওভার শেষে বাংলাদেশের শেষ ৫ ওভারে প্রয়োজন ৪৮ রান।
মাঝের ধাক্কা সামলে ম্যাচে ফেরার গল্পটা শুরু হয় তাওহিদ হৃদয় ও পারভেজ ইমনের ব্যাটে। তানজিদ হাসান আউট হওয়ার পর ক্রিজে নেমেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় ইমনকে। ইশ সোধির এক ওভার থেকেই দুজন মিলে তুলে নেন ১৮ রান, যেখানে ছিল দুটি ছক্কা ও একটি চার। এই জুটির পাল্টা আক্রমণে দ্রুতই ম্যাচের গতি ঘুরে যায় বাংলাদেশের দিকে।
চতুর্থ উইকেট জুটিতে মাত্র ২৩ বলে ৪৮ রান যোগ করেন হৃদয় ও ইমন। চাপের মুহূর্তে এমন ইনিংসই বাংলাদেশকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনে। তবে যখন ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, তখনই থামেন ইমন। জস ক্লার্কসনের স্লোয়ার বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
এর আগে ১১.৩ ওভারে ১০৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইশ সোধির বলে লং অফে ক্যাচ তুলে ২৫ বলে ২০ রান করে ফেরেন তানজিদ। যদিও সেই ওভার থেকেই আসে ১৮ রান, যা পরবর্তী ঝড়ের ভিত্তি গড়ে দেয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ ৫ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৪৮ রান। ক্রিজে সেট ব্যাটার হিসেবে আছেন তাওহিদ হৃদয়, তার সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন শামিম পাটোয়ারি। ম্যাচের ভাগ্য নির্ধারণে এখন বড় ভরসা হয়ে উঠেছেন হৃদয়, তার ব্যাটেই তাকিয়ে বাংলাদেশ।