
বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে রেফারি বাঁশি বাজানোর আগেই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বমঞ্চের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী মঞ্চ মাতানোর জন্য পুরোপুরি প্রস্তুত কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নাইজেরিয়ান আফ্রোবিটস সেনসেশন বার্না বয়ের সাথে যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন তিনি। মেগা এই আয়োজনে সুরের জাদু ছড়াতে আরও হাজির থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা।
১৬ বছর পর ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি
এবারের উদ্বোধনী ম্যাচটি ফুটবল ভক্তদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেবারও টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর আগের সেই রোমাঞ্চকর লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে চেনা দর্শকদের সামনে সেই চেনা প্রতিপক্ষের বিরুদ্ধেই মাঠে নামছে স্বাগতিকরা।
উভয় দলের শক্তির জায়গাগুলো এক নজরে দেখে নেওয়া যাক:
মেক্সিকোর প্রাচীর: মেক্সিকোর প্রধান শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলে ইতিহাস গড়তে যাচ্ছেন। তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধনে গড়া মেক্সিকো দল নিজেদের শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচের ৬টিতেই কোনো গোল হজম করেনি (ক্লিনশিট)।
দক্ষিণ আফ্রিকার আক্রমণ: অন্যদিকে কাউন্টার অ্যাটাক বা প্রতি-আক্রমণ খাটিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে অত্যন্ত পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বমঞ্চে নিজেদের খেলা শেষ ৯টি ম্যাচের প্রতিটিতেই গোল পাওয়ার দুর্দান্ত রেকর্ড রয়েছে আফ্রিকার এই দেশটির।
তিন দেশের তিন উদ্বোধনী উৎসব
ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় উদ্বোধনী উৎসবও শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন অর্থাৎ শুক্রবার একই সময়ে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে বসবে দ্বিতীয় উদ্বোধনী আসর। সেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
সবশেষে আগামী শনিবার (১৩ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো মেগা শো-তে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংক-এর জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা।