.jpeg)
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার শিমুলিয়া ঘাট সফরকে কেন্দ্র করে শুক্রবার (২৬ জুন) মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন শত শত আর্জেন্টিনা সমর্থক। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
তাঁদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তাঁর এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।
এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হয়ে প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে ওঠে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত হন সমর্থকেরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন পুস্তি এবং লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।