
টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। তবে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটি শুধু পূর্ণ তিন পয়েন্টের জন্য নয়, বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রথম গোল হজম এবং একটি দীর্ঘদিনের পরিসংখ্যান ভেঙে যাওয়ার কারণেও আলোচনায় এসেছে।
গ্রুপ ‘জে’-এর প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আগেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল মূলত আনুষ্ঠানিকতা রক্ষার।
প্রথম দুই ম্যাচে শুধু ক্লিন শিটই নয়, প্রতিপক্ষকে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগও দেয়নি আর্জেন্টিনা। এ কারণে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে এবারের বিশ্বকাপে গোল না খাওয়া একমাত্র দল ছিল তারা।
তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সেই রেকর্ড ভেঙে দেন জর্ডানের ফরোয়ার্ড মুসা আল তামারি। বদলি হিসেবে নেমে দারুণ এক গোল করে ব্যবধান কমান তিনি। এটিই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জালে প্রথম বল জড়ানোর ঘটনা। এর আগে উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই গ্রুপপর্ব শেষ করে আর্জেন্টিনা। তবে এই গোলের পর আবারও সামনে এসেছে বিশ্বকাপের একটি পরিচিত পরিসংখ্যান।
বিশ্বকাপের ইতিহাস বলছে, গ্রুপপর্বে কোনো গোল না খেয়ে শেষ করা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। জর্ডানের করা একমাত্র গোলের ফলে সেই তালিকায় আর থাকছে না আর্জেন্টিনা।