
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
ইনজুরি কাটিয়ে রক্ষণভাগে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো। তার জায়গায় গত ম্যাচে খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে চোট পাওয়ায় এবার শুরুর একাদশে নেই।
আক্রমণভাগেও পরিবর্তন এসেছে। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ। বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরলেন এই ফরোয়ার্ড।
মাঝমাঠে থিয়াগো আলমাদার পরিবর্তে খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্সের পর এবার শুরু থেকেই মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হবে। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কিছুটা এগিয়ে আক্রমণাত্মক ভূমিকায় খেলবেন। এনজো ফার্নান্দেজ থাকবেন তার সঙ্গী।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপে কোনো দলকে স্পষ্ট ফেবারিট বলা যাচ্ছে না। তার মতে, আগের আসরগুলোর তুলনায় এবার প্রতিযোগিতা অনেক বেশি কঠিন এবং খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচ খেলার চাপও পারফরম্যান্সে প্রভাব ফেলছে।
তিনি বলেন, বিশ্বকাপ শুরুর আগে যেসব দলকে সম্ভাব্য ফেবারিট ধরা হয়েছিল, তাদের অনেকেই প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি। ঘন সূচির কারণে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিও এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।