
বিশ্বকাপের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ১৮ বছর পেরিয়ে ১৯-এ পা দেওয়া এই ফুটবলারের নতুন সম্পর্কের গুঞ্জন এখন স্প্যানিশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত।
স্পেনের ম্যাচে গ্যালারিতে নিয়মিত দেখা যাচ্ছে ২১ বছর বয়সী স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকে। রোববার ডালাস স্টেডিয়ামে স্পেন-পর্তুগাল ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। তার গায়ে ছিল ইয়ামালের ১৯ নম্বর জার্সি, আর গলায় থাকা সোনার নেকলেসের লকেটে লেখা ছিল ‘এল আর ওয়াই’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর বলে ধারণা করা হচ্ছে।
যদিও ইয়ামাল এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ইনেসকে নিয়ে কোনো পোস্ট করেননি, তবে ইনেস গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে ফ্যাশনবিষয়ক কনটেন্ট তৈরি করা এই ইনফ্লুয়েন্সার টিকটকেও সক্রিয়। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ছয় লাখেরও বেশি।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনেস তাদের পরিচয়ের গল্প তুলে ধরে বলেন, ‘কীভাবে আমাদের পরিচয় হলো? এটা রীতিমতো মজার ঘটনা। একদিন হঠাৎ এয়ারপোর্টে দেখি লামিনে আসছে। আমি ওর সামনে গিয়ে আমার হাতের কাগজপত্র ফেলে দিই। লামিনে যত্ন করে তা তুলে দেয়। সেই শুরু। ঘনিষ্ঠতাও হয়।’
এর আগেও ইয়ামালের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গত বছর তাকে ২৫ বছর বয়সী আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলার সঙ্গে দেখা যায়। একই বছরের ২৫ আগস্ট নিকোলার জন্মদিনে ইয়ামাল তার উদ্দেশে হার্ট-শেপ কেকের ইমোজিও পোস্ট করেছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, ১৭ বছর বয়সে ইয়ামালের নাম জড়িয়েছিল স্পেনের ২৯ বছর বয়সী ফাতি ভাসকুয়েজের সঙ্গে। ইতালির একটি বিলাসবহুল রিসোর্টে তাদের একসঙ্গে তোলা ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। পরে মডেল ক্লদিয়া কালবোর সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। ক্লদিয়া ইয়ামালের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে ১৯ বছরে পা দেওয়ার পর নতুন করে ইনেস গার্সিয়ার সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে।