
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে শাস্তির ঝুঁকিতে রয়েছেন ১৭ জন ফুটবলার। এদের কেউ কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, নকআউট পর্বে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।
এই তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো দলে। ইংল্যান্ডের জুড বেলিংহাম, ডেকলান রাইস, মার্ক গেহি ও নিকো ও’রাইলি—এই চার ফুটবলার সতর্ক অবস্থায় আছেন। একইভাবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়প, রেদুয়ান হালহাল এবং বিলাল এল খান্নুসও আরেকটি হলুদ কার্ড দেখলেই নিষিদ্ধ হবেন।
ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনো, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া এবং মিরো মুহেইমও একই ঝুঁকিতে রয়েছেন। এদিকে ওলিসের বিরুদ্ধে প্রদর্শিত হলুদ কার্ড বাতিলের দাবিতে ইতোমধ্যে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ আপিল করেছে।
বাকি চার কোয়ার্টার ফাইনালিস্ট দলের মধ্যে একজন করে খেলোয়াড় নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন। তারা হলেন আর্জেন্টিনার গনসালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে। বিশেষ করে মন্টিয়েল আরেকটি হলুদ কার্ড দেখলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য তা বড় ধাক্কা হতে পারে।
ফলে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শুধু জয়-পরাজয় নয়, খেলোয়াড়দের শৃঙ্খলাও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলুদ কার্ডই বদলে দিতে পারে সেমিফাইনালের সমীকরণ।