
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়, স্পেনের ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল তার প্রথম বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার, বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের ম্যাচের ঠিক একদিন আগে, ঝলমলে ভারী নেকলেসে সজ্জিত হাসিখুশি লামিন ইয়ামাল গণমাধ্যমের মুখোমুখি হন। এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগের দিনটি কাকতালীয়ভাবে তার ১৯তম জন্মদিনও ছিল, এবং প্রত্যাশিতভাবেই গণমাধ্যমের সবচেয়ে স্বাভাবিক প্রশ্নটি এলো: “লামিন, তোমার জন্য আদর্শ জন্মদিনের উপহার কী হবে?”
জবাবে ইয়ামাল বলেন, “আমি এখনও তেমন কোনো উপহার পাইনি। সবচেয়ে ভালো উপহার হবে মঙ্গলবারে জয় আর নিউ ইয়র্ক ভ্রমণের সুযোগ।”
আর্লিংটনের তীব্র গরমে এবং ৯০ মিনিটের অনবদ্য মাঠের নিয়ন্ত্রণের পর, স্পেন ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর মাধ্যমে ইয়ামালের জন্মদিনের স্বপ্ন পূরণ করল।
ইয়ামাল বড় কোনো আসরে দ্বিতীয় ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার বেড়ে ওঠার পটভূমি এবং সম্ভাবনাময় ক্যারিয়ার সম্পর্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে আদ্যোপান্ত বর্ণনা করা হয়েছে। ঢাকাওয়াচের পাঠকের জন্য প্রতিবেদনটির মূলভাব অক্ষুণ্ণ রেখে তুলে ধরা হল:
বহুসাংস্কৃতিক শিকড়
স্পেনের বার্সেলোনার এসপ্লুগেস দে লোব্রেগাত পৌরসভায় জন্মগ্রহণ করা ইয়ামাল তার বাবা মুনির নাসরাউইয়ের দিক থেকে মরক্কীয় বংশোদ্ভূত এবং মা শীলা এবানার দিক থেকে ইকুয়েটোগুইনীয় বংশোদ্ভূত। ইকুয়েটোরিয়াল গিনি মধ্য আফ্রিকার একটি তেল সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র, স্পেনের সাবেক উপনিবেশ এই দেশটির রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত স্পেনিশ ভাষা।
আনুষ্ঠানিকভাবে “লামিন ইয়ামাল নাসরাউই এবানা” নামে পরিচিত হলেও, এই কিশোর স্পেন বা তার ক্লাব বার্সেলোনার হয়ে খেলার সময় কেবল তার যৌগিক প্রথম নাম “লামিন ইয়ামাল” নামেই পরিচিত।
স্প্যানিশ খেলোয়াড়দের শুধু তাদের নামের প্রথম অংশ ব্যবহার করাটা একটি সাধারণ ব্যাপার; উদাহরণস্বরূপ, ইয়ামালের স্পেন সতীর্থ পেদ্রি, অথবা অতীতের কিংবদন্তি জাভি ও ইনিয়েস্তা।
ইয়ামালের নামের পেছনের গল্প
“লামিন” পশ্চিম আফ্রিকার সংস্কৃতিতে আরবি যোগসূত্রযুক্ত একটি প্রচলিত নাম। আরবিতে এর মোটামুটি অনুবাদ হলো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য, অন্যদিকে ইয়ামাল হলো বহুল ব্যবহৃত আরবি নাম জামালের একটি রূপভেদ, যার অনুবাদ করা যেতে পারে সৌন্দর্য, মাধুর্য বা আকর্ষণ হিসেবে।
আরবি নামের পেছনের কারণ কী? ইয়ামাল একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তাকে প্রায়শই তার গোল উদযাপনের সময় সিজদা করতে দেখা যায়। সিজদা হলো আল্লাহর সামনে নত হয়ে প্রণাম করার একটি ভঙ্গি, যা মুসলমানরা দৈনন্দিন নামাজের সময় পালন করে থাকে।
ফিলিস্তিনের জন্য সমর্থন
ফুটবলের বাইরে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য ইয়ামাল বিশ্বজুড়ে অনেকের কাছে প্রিয়। চলতি বছরের শুরুতে, বার্সেলোনার ট্রফি প্যারেডের সময়, তাকে একটি খোলা ছাদের বাসের ভেতর থেকে উল্লাসিত জনতার করতালির মধ্যে ফিলিস্তিনি পতাকা নাড়তে দেখা যায়।
একটি তারকার জন্ম ও বেড়ে ওঠা
বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির ফসল ইয়ামাল ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ক্লাবটির প্রথম একাদশে জায়গা করে নেন – তার ক্যারিয়ারের দ্রুত অগ্রগতির কথা ভাবলে এই ঘটনাটি প্রায় অবিশ্বাস্য মনে হয়।
ঠিক পরের মৌসুমেই, বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে ইয়ামাল এক বিশাল ভূমিকা পালন করেন, যার মাধ্যমে কাতালান দলটি লা লিগা শিরোপা, কোপা দেল রে এবং সুপারকোপা দে এস্পানা (স্প্যানিশ সুপার কাপ) জয় করে।
তার গতি, ড্রিবলিং এবং পাসিং দক্ষতার জন্য পরিচিত ইয়ামালের খেলার ধরনের তুলনা করা হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সাথে – যাকে তিনি শৈশবে আদর্শ মানতেন – এবং ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারের সাথে, যিনিও তার খেলার ওপর ব্যাপক প্রভাব ফেলেছিলেন।
ইউরো ২০২৪: ইয়ামালের উত্থানের টুর্নামেন্ট
স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা ইয়ামাল, দুই বছর আগে লা রোজা-র ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রাপথে নিজের বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতার সাথে খেলে প্রথম বিশ্বকে তার প্রতিভার কথা জানান দেন ।
টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি দুর্দান্ত গোল করেন – এই পরিসংখ্যানের জন্য উয়েফার কারিগরি পর্যবেক্ষক দল তাকে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব দেয়।
তার প্রথম বড় টুর্নামেন্টটিই এখন পর্যন্ত সেরা টুর্নামেন্টে পরিণত হয়েছে, কারণ ইয়ামাল ‘ওয়ান্ডারকিড’ হিসেবে তার খ্যাতির সার্থকতা প্রমাণ করেছেন।
বিশ্বকাপ ২০২৬: গল্পের ধারাবাহিকতা
বিশ্বকাপের আগে পাওয়া একটি চোট উত্তর আমেরিকায় ইয়ামালের পারফরম্যান্সকে প্রভাবিত করেছিল, এবং এই কিশোর গ্রুপ পর্বে সেরা ফর্মে ফিরতে হিমশিম খেয়েছিল।
টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করলেও, দলের এই স্বপ্নময় যাত্রায় তার অবদান বেশ বড়। ইয়ামাল আক্রমণে স্পেনের প্রধান সুবিধা সৃষ্টিকারী হিসেবে কাজ করেছেন, সতীর্থদের সুযোগ তৈরি করতে বা গোল করতে সাহায্য করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তিনিই দলের জন্য একটি পেনাল্টি আদায় করে দিয়েছিলেন।
সুতরাং, সেমিফাইনালে ফ্রান্স ও শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে স্পেনের জয়ে ইয়ামাল গর্ববোধ করতে পারেন, যে জয়ের ফলে সুপারস্টার কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাড়ি ফিরতে হয়েছে।
আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছানোর কারণে, ইয়ামাল তার শৈশবের নায়ক মেসির সাথে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় করতে চলেছে।
বিশ্বকাপ ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে চলেছেন ইয়ামাল; কেবল পেলে ও জিউসেপ্পে বেরগোমোমি তার চেয়ে কম বয়সে খেলেছেন।
ফাইনালে জয় ইয়ামালের জন্য এক বিরল বিশ্বকাপ-ইউরো ডাবল শিরোপা এনে দেবে, যা মাত্র ১৯ বছর বয়সে অর্জন করতে পারার কারণে আরও বেশি চিত্তাকর্ষক।
পরিসংখ্যান অনুযায়ী, ইয়ামাল যখনই খেলেছেন, স্পেন অপরাজিত থেকেছে। তিনি বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে মোট ১২টি ম্যাচে প্রথম একাদশে খেলেছেন এবং সবকটিতেই জয়লাভ করেছেন – যা এই দুটি প্রতিযোগিতায় প্রথম একাদশে থাকা যেকোনো ইউরোপীয় খেলোয়াড়ের মধ্যে সেরা শতভাগ জয়ের হার।
ইয়ামালের সেরা কিছু কৃতিত্ব
লা লিগা বিজয়ী বার্সেলোনা দলের অংশ (২০২২-২৩, ২০২৪-২৫, ২০২৫-২৬)
কোপা দেল রে জেতার জন্য বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছেন (2024-25)
বার্সেলোনার হয়ে সুপারকোপা ডি এস্পানা জিতেছেন (2025, 2026)
উয়েফা ইউরো (২০২৪) জয়ী বার্সেলোনার অংশ
বার্সেলোনার হয়ে উয়েফা নেশনস লিগের রানার্স-আপ (২০২৪-২৫) হয়েছিলেন।
ব্যালন ডি'অর রানার-আপ (২০২৫)