
লিওনেল মেসির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর সেই সাফল্য যেন মেনে নিতে পারছেন না জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের কাছে মেসির শিরোপা জয়ের পথ রুখে দেওয়ার আবেদন জানিয়েছেন।
ফুটবল অঙ্গনে বহুল পরিচিত আইশোস্পিড বুধবার নিজের ইউটিউব লাইভে ইয়ামালের উদ্দেশে বলেন, ‘তোমার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ! পোর ফাভোর, (দয়া করে) লামিন।’
এরপর রোনালদো-সমর্থকদের পক্ষ থেকে ইয়ামালের কাছে বিশেষ অনুরোধ জানান তিনি। স্পিড বলেন, ‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদোর ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনালদো-ভক্তদের বাঁচাও।’
রোনালদোর প্রতি আইশোস্পিডের গভীর সমর্থনের বিষয়টি নতুন নয়। পর্তুগিজ তারকার খেলা দেখতে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। রোনালদোর গোলের পর একাধিকবার লাইভ স্ট্রিমে আবেগাপ্লুত হতেও দেখা গেছে তাকে। তার অনলাইন পরিচয়ের বড় একটি অংশজুড়েই রয়েছে রোনালদোর প্রতি অকুণ্ঠ সমর্থন।
চলতি বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা স্পিডের উদ্বেগ আরও বাড়িয়েছে। কারণ, এবার শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ সংখ্যা দাঁড়াবে দুটি। অন্যদিকে তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ার শেষ করবেন বিশ্বকাপ জয়ের স্বাদ ছাড়াই।
পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনার প্রতিপক্ষদের সমর্থন করে এসেছেন আইশোস্পিড। নকআউট পর্বে তিনি কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ‘রিভার্স জিংক্স’-এর আশায় আর্জেন্টিনার জার্সি পরে লাইভেও হাজির হন। তবে সেই কৌশলও আর্জেন্টিনার জয় থামাতে পারেনি।
এখন তার সব আশা স্পেন এবং লামিন ইয়ামালকে ঘিরে। পুরো আসরে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন মাত্র একটি গোল হজম করে ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে থামানোর জন্য তরুণ এই স্প্যানিশ তারকার দিকেই তাকিয়ে আছেন আইশোস্পিড।