
টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজ জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফর শেষে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারাই দলের সবচেয়ে বড় সমস্যা ছিল।
বুধবার, ২২ জুলাই সকালে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সফরের শুরুতেই একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ হয় টাইগাররা। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও পরাজয়ের মুখ দেখলেও শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
সফরের ব্যর্থতার কারণ তুলে ধরে আশরাফুল বলেন, ‘ওখানে প্র্যাকটিস ম্যাচ ছিলো না। জিম্বাবুয়ের পিচের বাউন্স সামলানো কঠিন হয়ে গেছে। তবে এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে।’
জিম্বাবুয়ে অধ্যায় শেষ করে এবার অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রায় ১০ দিন আগে যাচ্ছি। ওখানে ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ আছে। আশাকরি খেলোয়াড়রা ভালো করবে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এটিই হবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।