
শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জাফনা কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন তিনি।
শুরুতে এলপিএলে অংশ নেওয়ার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় পরিকল্পনায় পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রয়োজন বিবেচনায় তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়।
পরিকল্পনা ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে এলপিএলে যোগ দেবেন এই ডানহাতি পেসার। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
জানা গেছে, আগামী মাসের শুরুতেই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থাকায় লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই এলপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পাশাপাশি টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন তিনি।
আগামী সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।