
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নতুন দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো।
বুধবার, ২২ জুলাই ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, পশ্চিম কুয়েতে অবস্থিত ক্যাম্প দোহায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোলাবারুদের ডিপো এবং ল্যান্ড ফোর্সেস কমান্ড সেন্টারের লজিস্টিক সুবিধাগুলো লক্ষ্য করে বিপুলসংখ্যক আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, হামলার ফলে মার্কিন সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবেও হামলার ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে চলমান সংঘাতের পটভূমিতে ইরানের তৈরি শাহেদ ড্রোন আবারও আলোচনায় এসেছে। সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানে এই ড্রোন ব্যবহারের দাবি করে আসছে তেহরান।
গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে ওঠে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে দুই পক্ষ একটি শান্তি সমঝোতা স্মারকে সই করলেও, গত সপ্তাহে কৌশলগত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।