
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক ভিডিও বার্তায় তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে মার্কিন সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বুধবার, ২২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় জোহরান মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের জন্য দায়ী। তার অভিযোগ, গাজায় ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু, হাসপাতাল লক্ষ্য করে হামলা, চিকিৎসাসেবা ব্যাহত করা এবং খাদ্য ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো কর্মকাণ্ডের দায় নেতানিয়াহুর সরকারের ওপর বর্তায়।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ হয়নি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকদের করের অর্থ দিয়েই এসব সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ টেনে মামদানি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত যে পদক্ষেপ নিয়েছে, তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তার দাবি, চলমান ধ্বংসযজ্ঞ দেখলে যে কারও কাছে স্পষ্ট হবে, নেতানিয়াহুর স্থান আদালতের কাঠগড়ায়।