
দেশজুড়ে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন এই চুক্তির আওতায় ব্যাংকের শাখা না থাকলেও নগদের বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
সোমবার, ২০ জুলাই রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিপত্রে সই করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে নগদের ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে দেশের যেকোনো প্রান্তে অবস্থানকারী গ্রাহকরা ২৪ ঘণ্টাই রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও কয়েকটি ডিজিটাল আর্থিক সেবা যৌথভাবে চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘আমরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে চাই। সে লক্ষ্যেই নগদের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব। বর্তমানে আমাদের ১০৯টি শাখা ও উপশাখা থাকলেও দেশের সব এলাকায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট ব্যবহার করতে পারলে আমাদের সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে।’
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘ভবিষ্যতের আর্থিক খাতে ফিনটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের প্রয়োজন মেটাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি। নগদ সেই লক্ষ্যেই কাজ করছে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখছে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
নগদ জানিয়েছে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রবাসী ও তাদের পরিবারের জন্য সচেতনতামূলক এবং পুরস্কারভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি ‘হার না মানা হার’ কর্মসূচির মাধ্যমে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালুর মাধ্যমে ক্যাশলেস লেনদেনের পরিধিও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই মূল্য পরিশোধ করা যাচ্ছে।