
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতা আয়োজনের সার্বিক সমন্বয়, তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে এই কমিটি।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, সার্বিক তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা নিশ্চিত করাই এই স্টিয়ারিং কমিটির প্রধান দায়িত্ব।