
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নিতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
সফরের প্রধান উদ্দেশ্য বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। সেখানে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্সসহ বিভিন্ন উচ্চমানের অবকাঠামো সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি। এসব অভিজ্ঞতা পূর্বাচলে পরিকল্পিত এক্সিলেন্স সেন্টার নির্মাণে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে বোর্ডের।
গত বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রাঙ্গণে এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার কথাও জানিয়েছেন তামিম ইকবাল।
এদিকে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। তামিমের এই সফরে সেই সিরিজ সংক্রান্ত বিষয়েও দুই বোর্ডের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।