
শনিবার ভুটানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি আরও একটি মেয়াদের জন্য সাফের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সমান বা তার কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধান অনুসারেই আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন সালাউদ্দিন।
২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। আগে সংস্থাটির গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা বাতিল করা হয়। এর ফলে এবারও সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ পান কাজী সালাউদ্দিন।
এবারের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। একইভাবে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
কংগ্রেসে আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আঞ্চলিক সংস্থার কার্যক্রম পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ন্যস্ত হবে।