
বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাসহ একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে প্রক্রিয়াগত ত্রুটির কথা স্বীকার করলেও পদত্যাগের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর সালেতে ফিফার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নীতিনির্ধারকেরা ইনফান্তিনোর প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার রাতে ফিফার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের স্বাক্ষর রয়েছে। অথচ এর এক দিন আগেই মহাসচিব গ্রাফস্ট্রম ফিফার কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে ইনফান্তিনোর ওই প্রস্তাবকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেছিলেন। তবে জরুরি বৈঠকের পর দুই পক্ষই অভিন্ন অবস্থান নিয়েছে।
প্রকাশিত বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে ইনফান্তিনো বলেন,
“আমরা স্বীকার করছি যে 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' গঠনের প্রস্তাবিত প্রক্রিয়ায় বেশ কিছু ভুল হয়েছে। ফিফা কাউন্সিল এবং সদস্য সংস্থাগুলো যাতে কোনোভাবে নিজেদের উপেক্ষিত মনে না করে, সেটি নিশ্চিত করা উচিত ছিল। মিডিয়াতে পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ভুল ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”
তবে ফিফা সভাপতির পদত্যাগের দাবি উঠলেও সংস্থাটি তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র কর্মকর্তা হিসেবে জিয়ানি ইনফান্তিনোর ওপর মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।’
একই সঙ্গে ফিফা সতর্ক করে জানিয়েছে, বিতর্কিত পরিকল্পনাটি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এরপরও ফিফার সুনাম বা সুশাসন নিয়ে কোনো ধরনের আক্রমণ মেনে নেওয়া হবে না এবং প্রয়োজন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, বুধবার দিনভর ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং প্রধান আইনি কর্মকর্তা এমিলিও গার্সিয়া সিলভেরোর সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। উয়েফা এবং উত্তর আমেরিকার কনফেডারেশন কনকাকাফের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেও তিনি সভাপতির দায়িত্বে বহাল থাকার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, এই দুই সংস্থাই ফিফার অভ্যন্তরীণ সুশাসন ও ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনার দাবি জানিয়েছে।
সংহতির বার্তা দিতে বুধবার মালাউই ও জাম্বিয়ার মধ্যকার নারী আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বের ম্যাচে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রমকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়।
নিজের দায়িত্ব স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়ার আরেকটি ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার কলম্বিয়ার কালি শহরে দেশটির নতুন প্রেসিডেন্ট অ্যাবেলিয়ার্ডো দে লা এসপ্রিয়েলার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর।