
ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা কমছে না। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজটি চূড়ান্ত হয়েছে। এতে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে থাকবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরের সিরিজটি নিশ্চিত। তবে ওয়ানডে ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ ও আয়োজনের কাঠামো স্বাগতিক আফগানিস্তানই চূড়ান্ত করবে।
গণমাধ্যমকে নাফীস বলেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর রূপরেখা ও সূচি তারাই চূড়ান্ত করবে।’
গত বছরও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে ওয়ানডেতে ছিল ভিন্ন চিত্র—তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয় লিটন-শান্তদের দল।
এবার ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নামবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচের ফল তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের সম্ভাব্য সিরিজটি এখনো অনিশ্চিত। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ থাকায় বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সফরটি অন্য সময়ে সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফলে ভারত সিরিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও আপাতত অক্টোবরের আফগানিস্তান সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।