
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেপ্টেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে দলের যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি জানান, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সেপ্টেম্বরের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী। এর একটি কর্মসূচিতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্য কর্মসূচিতে বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রিজভী বলেন, নির্ধারিত এসব কর্মসূচির পাশাপাশি আরও কয়েকটি আয়োজন থাকবে। সেগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
বিএনপির যৌথসভায় দলের যুগ্ম মহাসচিবদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা অংশ নেন।