
এশিয়ান গেমসে প্রথমবার নারী হকিতে অংশ নিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও শুক্রবার কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আসরে প্রথম পয়েন্ট পেয়েছে লাল-সবুজের দল।
গিফুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন রিয়া। তাঁর গোলে প্রথম কোয়ার্টার ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় কাজাখস্তান। কোয়ার্টারের ছয় মিনিটে ফিল্ড গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বাংলাদেশকে চাপে ফেলে কাজাখস্তান। লোভানোভার গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭ মিনিটে তাঁর হ্যাটট্রিকে স্কোর ৩-১ করে কাজাখ মেয়েরা। এরপর অবশ্য ম্যাচে ফেরে বাংলাদেশ। মিনিট তিনেক পর কনা আক্তারের গোলে ব্যবধান কমায় লাল-সবুজের দল।
শেষ কোয়ার্টারে সমতাসূচক গোলটি করেন অর্পিতা পাল। তাঁর গোলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ এবং এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশ।
১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিটি আসরে পুরুষ হকি দল খেললেও এবারই প্রথম নারী হকি দল অংশ নিচ্ছে। এর আগে এশিয়ান গেমসের বাছাইপর্ব ছিল বাংলাদেশের নারী হকি দলের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম প্রতিযোগিতা। সেই বাছাইপর্ব পেরিয়ে এবার মূল আসরে প্রথম পয়েন্টের দেখা পেল তারা।