
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্নো স্টেডিয়ামে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৪৫ ধাপ। সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। আগের ১০ দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র একবার। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর সাতটিতে জয় পেয়েছে মালয়েশিয়া।
দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
তবে এবার ভিন্ন প্রতিযোগিতা ও ভিন্ন বাস্তবতায় নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে লাল-সবুজের দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের অন্তর্ভুক্তিতে দলটি আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।
জাকার্তার ঐতিহাসিক স্টেডিয়ামে আজকের ম্যাচে পুরোনো পরিসংখ্যান ভুলে ইতিবাচক শুরু করতে চাইবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।