
ভারতীয় নারী ক্রিকেট দলে শুরু হলো নতুন নেতৃত্বের অধ্যায়। হরমনপ্রীত কর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিসিসিআইয়ের ঘোষণায় আনুষ্ঠানিকভাবে ভারতের নেতৃত্ব পান মান্ধানা। জাতীয় দলের হয়ে ২০১৩ সাল থেকে খেলা এই বাঁহাতি ব্যাটার এর আগে সাদা বলের ২২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৮ ম্যাচে মান্ধানার জয় ১১টি, হার ছয়টি; একটি ম্যাচের ফল হয়নি। ওয়ানডেতে তার নেতৃত্বের রেকর্ড শতভাগ—চার ম্যাচেই জয়। নারী প্রিমিয়ার লিগেও অধিনায়ক হিসেবে সফল তিনি। ২০২৪ ও ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) শিরোপা এনে দিয়েছেন মান্ধানা। দলটির হয়ে ৩৫ ম্যাচে তার নেতৃত্বে এসেছে ১৮ জয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাবেক অধিনায়ক হরমনপ্রীতের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন মান্ধানা। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য হরমনপ্রীতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভারতকে নেতৃত্ব দেওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। দলের সঙ্গে কাজ করে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও জানান তিনি।
জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হবে মান্ধানার নতুন দায়িত্ব। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক থাকবেন শেফালি ভার্মা। ম্যাচগুলো হবে রায়পুরে ১৬, ১৮ ও ২০ অক্টোবর। এরপর ভাদোদরায় ২৩, ২৫ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে মান্ধানার ডেপুটি হিসেবে থাকছেন দীপ্তি শর্মা।
এদিকে দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী নিকি প্রসাদ। দিল্লি ক্যাপিটালসের হয়ে ডব্লিউপিএলে সাত ইনিংসে ১৫৩ রান করা এই মিডল অর্ডার ব্যাটার সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ফরম্যাটেই অর্ধশতক করেছেন।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন অনুষ্কা শর্মাও। গুজরাট জায়ান্টসের হয়ে ডব্লিউপিএলে ১৭৭ রান করার পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে টানা তিনটি অর্ধশতক করেছেন তিনি।
চোটের কারণে জেমিমা রদ্রিগেজ এখনো পুরোপুরি ফিরতে পারেননি। এদিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, রাধা যাদব ও ভারতী ফুলমালি। তাদের জায়গায় দলে এসেছেন নিকি, অনুষ্কা, প্রেমা রাওয়াত, জিনটিমণি কালিতা ও মিনু মণি।
ওয়ানডে দলে ফিরেছেন রেণুকা সিং ও তেজল হাসবনিস। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তেজলের প্রত্যাবর্তন হয়েছে। নতুন করে দলে যুক্ত হয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া, নন্দনী শর্মা ও সায়লি সাতঘরে।