.webp)
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাসে পৌঁছালে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। অফিসের সময় শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তাকে ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছেন না তারা। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা গাজীপুরের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে রাখায় কেউই ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না।
এর আগে রোববার (১৫ নভেম্বর) থেকে আন্দোলন শুরু করেন চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। তাদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ এবং জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে।
সোমবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। পরে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ পরিচালনা করেন মো. আকরাম হোসেন।
সমাবেশে বক্তারা জানান, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির তারিখ থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে চাকরিতে ফিরে আসার পরও তারা প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি থাকতে পারে না উল্লেখ করে তারা প্রচলিত পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন এসব কর্মকর্তা-কর্মচারী। ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করে রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।
এদিকে, সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনকারীদের পাওনা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষ আন্তরিক। তার ভাষ্য, চাইলেই অর্থ পরিশোধ করা সম্ভব নয়; এ জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কিন্তু আন্দোলনকারীরা মব সৃষ্টি করে হাতে হাতে টাকা নিতে চাইছেন।