
নতুন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার ২ মার্চ সকালে তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়। ঘোষণায় বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধা ও সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নীতি প্রযোজ্য হবে। অভিবাসীদের অর্থনৈতিক প্রভাব এবং সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়েই ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধ। ভিজিটর বা পর্যটন ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ স্বল্পমেয়াদি ভ্রমণ কিংবা বেড়ানোর উদ্দেশ্যে যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের নিয়মেই ভিসা আবেদন ও প্রাপ্তির সুযোগ পাবেন।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ভিসা আবেদন গ্রহণ ও নির্ধারিত সাক্ষাৎকার প্রক্রিয়া আগের মতোই চলবে। দূতাবাসগুলোতে সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।