
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের মধ্যে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল শিল্প প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। হামলাকারীরা কারখানার যানবাহনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ৩ থেকে ৪ জন কর্মচারী আহত হন।
ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল সারারাত অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. জামাল (৩৮), রমজান আলী ওরফে মান্না ওরফে মুন্না (২৮), মো. রনি (২০), মো. এছহাক ওরফে ইসহাক (৪৮), আরশাদুর রহমান ওরফে মিজান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে।
ঘটনায় নিরাত্তারক্ষী মো. আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের চট্টগ্রাম কারাগারে প্রেরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছেই।