
করদাতাদের জন্য আবারও স্বস্তির খবর—২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের বদলে এখন ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে টানা তিন দফায় এক মাস করে সময় বাড়ানো হয়েছিল, যার শেষ দিন ছিল আগামী ২৮ ফেব্রুয়ারি।
সার্কুলারে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করলো।
প্রচলিত বিধান অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় এবারও সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিন দফা সময় বাড়ানোর পর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ৪২ লাখের সামান্য বেশি। যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৪৫ লাখ। উল্লেখ্য, গত বছরও দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।
আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতাদের জরিমানা দিতে হয়। পাশাপাশি সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকেও তারা বঞ্চিত হন।