
নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। হামলাকারীরা তাদের মারধর করে একটি পিকআপে তুলে রূপগঞ্জ থেকে আড়াইহাজারে নিয়ে যায় এবং সেখানে আবারও নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঢাকা জেলা ডিবির চার সদস্যের একটি দল গাউছিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আসামিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে জোরপূর্বক একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর আবারও হামলা চালানো হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
আহতরা হলেন—উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। তাদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অংশ নেওয়া আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে আশ্রয় নেওয়ায় রক্ষা পান। পরে তিনি দলের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির সদস্যরা সাদা পোশাকে অভিযানে গিয়েছিলেন। ইউনিফর্ম না থাকায় স্থানীয় জনতা তাদের পরিচয় সম্পর্কে বিভ্রান্ত হয়ে হামলা চালায়। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।