-6af00815978a5.webp)
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে হাজারো মানুষের সমাগম ঘটে। আর এই জনসমাগমের সুযোগ কাজে লাগিয়ে দর্শক-শ্রোতাদের দুই শতাধিক মোবাইল ফোন চুরি করেছে পেশাদার চোর ও পকেটমার চক্র। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে দর্শকেরা আসতে শুরু করেন। সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয় সেখানে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে মাঠে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট সদস্য এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করেন।
এত বিপুল নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চোর ও পকেটমার চক্রের তৎপরতা ঠেকানো সম্ভব হয়নি। অনুষ্ঠানের মাঠে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন সরিয়ে নেয় চক্রের সদস্যরা। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেকেই নিজেদের ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে জানা যায়, দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন খোয়া গেছে।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পর ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি হওয়া মোবাইল ফোনের প্রকৃত সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।