
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেখান থেকে বেরিয়ে আসার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর হামলায় কিছু তাৎক্ষণিক কৌশলগত সাফল্য এলেও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। বরং সংঘাতের পর ইরান আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে বলে মনে করেন তিনি।
রবার্ট পেপের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে মূলত দুটি পথ রয়েছে। একদিকে ইরানের বাড়তে থাকা আঞ্চলিক প্রভাব মেনে নেওয়া, অন্যদিকে সংঘাত আরও জোরালো করা। তার মতে, এর বাইরে কার্যকর কোনো তৃতীয় পথ নেই।
মার্কিন বিমান ও নৌ শক্তির ওপর নির্ভর করে ইরানকে মোকাবিলার কৌশলের সীমাবদ্ধতাও ইতোমধ্যে স্পষ্ট হয়েছে বলে সতর্ক করেন পেপ। তার আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে ট্রাম্পকে শেষ পর্যন্ত স্থল অভিযানের কথাও বিবেচনা করতে হতে পারে।
এ ছাড়া আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প ইরান ইস্যুতে প্রতীকী কোনো সামরিক সাফল্য দেখানোর চেষ্টা করতে পারেন বলেও ধারণা দিয়েছেন রবার্ট পেপ।