
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ভিত্তিতেই তাকে এই ছুটিতে পাঠানো হচ্ছে।
ব্যাংকিং খাতের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশেই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের অর্থ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমা সহযোগী সদস্য।