
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো সময় এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
তিনি জানান, চলতি বছরের নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। আইন সংশোধনসহ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত করা হবে।
আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন তালিকাভুক্ত এসব ভোটার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার নির্বাচন ভবনে যান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।
স্টিফেন রড্রিগেস বলেন, শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশে গত যে জাতীয় নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এ নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।