
প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু নাম পরিবর্তনের প্রস্তাবই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে ঘিরে ‘এআই ফোর্স’ নামে নতুন একটি বিশেষ সামরিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এই প্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের জন্য শিগগির একজন ‘এআই জার’ নিয়োগের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক কয়েকটি পোস্টে এসব ঘোষণা ও মন্তব্য করেন ট্রাম্প।
এআই-এর নতুন নাম নিয়ে ভোট
ট্রাম্প বলেন, অনেকেরই ধারণা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য পুরোপুরি উপযুক্ত নয়। এ বিষয়ে অনুসারীদের মতামত জানতে নিজের ট্রুথ সোশ্যালে একটি অনলাইন ভোটের আয়োজন করেন তিনি।
ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য নতুন নাম হিসেবে তিনটি বিকল্প সামনে রাখা হয়। এগুলো হলো—‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’, ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ এবং ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’।
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে ধ্বংস কিংবা দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে।
এ ধরনের উদ্যোগকে তিনি ডেমোক্র্যাটদের অতীতে চালানো বিভিন্ন রাজনৈতিক ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচারণার সঙ্গে তুলনা করেন।
তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, নিজের এই অভিযোগের পক্ষে ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
ডাটা সেন্টার নিয়ে সমালোচনা
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ডাটা সেন্টার নির্মাণ নিয়ে বাস্তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের রাজনীতিকদের মধ্যেই সমালোচনা রয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
অতিরিক্ত জ্বালানি ব্যবহারের বিষয়টি সামনে রেখে নিউইয়র্ক অঙ্গরাজ্য সম্প্রতি বড় ডাটা সেন্টার নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে।
‘স্পেস ফোর্স’-এর আদলে ‘এআই ফোর্স’
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে অতীতে কিছু বিধিনিষেধের পক্ষে কথা বলেছিলেন ট্রাম্প। তবে বর্তমানে প্রযুক্তিটি নিয়ে অতিরিক্ত উদ্বেগ প্রকাশের যৌক্তিকতা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন।
শনিবারের ঘোষণায় মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এর বিকাশ আরও দ্রুত করার প্রতিশ্রুতি দেন তিনি।
এ জন্য নিজের প্রথম মেয়াদে গড়ে তোলা ‘স্পেস ফোর্স’-এর আদলে একটি নতুন ‘এআই ফোর্স’ প্রতিষ্ঠার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় সমন্বয়ের দায়িত্ব দিতে একজন ‘এআই জার’ নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।
তবে প্রস্তাবিত ‘এআই ফোর্স’ কী ধরনের আইনি ক্ষমতা বা সাংগঠনিক দায়িত্ব পাবে এবং ‘এআই জার’-এর সুনির্দিষ্ট ভূমিকা কী হবে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
নতুন কাঠামোর নেতৃত্বে কে থাকবেন?
এর আগে ট্রাম্প প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত নীতিমালার দায়িত্বে ছিলেন ডেভিড স্যাকস। চলতি বছরের শুরুতে তিনি ওই দায়িত্ব ছেড়ে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির পদ গ্রহণ করেন।
ফলে নতুন ‘এআই ফোর্স’ এবং ‘এআই জার’-কেন্দ্রিক কাঠামো শেষ পর্যন্ত কার নেতৃত্বে এবং কীভাবে পরিচালিত হবে, এখন সেদিকেই প্রযুক্তি বিশ্বের নজর রয়েছে।