
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে করদাতারা সারাবছর যে কোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন। তবে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে করপ্রণোদনা প্রদান করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান তিনি।
চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আরও বলেন, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্য পূরণ করা হবে যা পূর্বের সব বছরের তুলনায় বেশি। “কর অব্যাহতি অনেক বেশি; যার ফলে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।”
তিনি জানিয়েছেন, করের হার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে ট্যাক্স লিকেজ রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রম ত্বরান্বিত করে কর ফাঁকিবাজদের শনাক্ত করা হচ্ছে।
এসময় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে ১৫ শতাংশ কর পুরোপুরি অব্যাহারের দাবি জানিয়েছেন।