-6af1aef23a6e2.webp)
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছে এক অদ্ভুত ও নাটকীয় বিতর্ক। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি বিশেষজ্ঞ চীনের এক নারীর প্রেমে পড়ে বড় কোনো গোয়েন্দা জালে জড়িয়ে পড়েছেন কি না। এ খবর ছড়িয়ে পড়ার পর শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। এক ধাক্কায় এনভিডিয়ার শেয়ারের দাম চার শতাংশের বেশি কমে গেছে।
পুরো ঘটনার কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং নামের এক চীনা নারী। তিনি সিঙ্গাপুরভিত্তিক একটি তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। মার্কিন গোয়েন্দাদের ধারণা, অ্যালিসকে ব্যবহার করে বেইজিং এনভিডিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। জেনসেন হুয়াং ইতোমধ্যে স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি এবং তাঁর প্রতিষ্ঠান এনভিডিয়া স্পষ্টভাবে জানিয়েছে, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির কোনো গোপন তথ্য ফাঁস হয়নি।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরির ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়া। তবে এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। মার্কিন সরকার কোনোভাবেই চায় না, তাদের সর্বাধুনিক প্রযুক্তি চীনের হাতে পৌঁছাক। অথচ এনভিডিয়ার প্রধান নির্বাহী শুরু থেকেই চীনের বাজারে প্রতিষ্ঠানটির চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করার পক্ষে কথা বলে আসছিলেন। এখন তাঁকে ঘিরে গোয়েন্দা কেলেঙ্কারির এই গুঞ্জন নতুন করে সন্দেহ ও উদ্বেগ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। আইনপ্রণেতারা জেনসেন হুয়াংকে সরাসরি কংগ্রেসে হাজির হয়ে এ বিষয়ে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনসেন হুয়াংকে একজন ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে তাঁর পক্ষ নিয়েছেন। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে বেইজিংয়ের বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।
ঘটনার সত্যতা যাচাই করতে এনভিডিয়া ইতোমধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সত্যতা যা-ই হোক না কেন, এ ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রযুক্তিগত প্রতিযোগিতাকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলেছে।
সূত্র: আল-জাজিরা