
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই প্রত্যয় সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দিবসটি উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। বিকেল চারটা থেকে কর্মসূচি শুরুর কথা রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে সম্মিলিতভাবে এ আয়োজন সম্পন্ন হবে।
কেন্দ্রীয় অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনী। গত এক বছরে দলের রাজনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ শিরোনামে ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের জন্য ফটো বুথও রাখা হবে।
শুধু ঢাকায় নয়, বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি। নির্ধারিত সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর এবং ৩ মার্চ কুমিল্লায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দলের নেতাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখা পৃথকভাবে ইফতার মাহফিল আয়োজন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার রয়েছে দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে অংশীদার হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এক বছরের ব্যবধানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটি।