
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধ নিয়ে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে বিশ্ব এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ অবস্থায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সব দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) অংশ নিতে আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।